শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর কালুখালিতে প্রায় ১৪লক্ষ টাকার ৪৫৭ বোতল মাদকসহ একজন গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীর কালুখালিতে প্রায় ১৪লক্ষ টাকার ৪৫৭ বোতল মাদকসহ একজন গ্রেফতার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর কালুখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০) এর অভিযানে প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ একজন  পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে মাদক বহনে ব্যবহৃত পিকআপ  জব্দ করা হয়েছে।

গ্রেফতার মাদক কারবারী হলো, রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্ণীকোল গ্রামের মৃত জব্বার সরদার এর ছেলে মোঃ সাইদুল সরদার (৪০)।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ সাইদুল সরদার (৪০)  বিভিন্ন থানায় ৫টি মাদক মামলার এজাহারভুক্ত আসামী।

শনিবার (৩১অক্টোবর) এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত পোনে চারটার সময় জেলার কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড় সংলগ্ন কুষ্টিয়া টু রাজবাড়ী রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এসময় কুষ্টিয়া হতে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যান তল্লাশী করে বিপুল পরিমান মাদকসহ তাকে গ্রেফতার করে।

জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবি’ অভিযান অব্যাহত রাখবে।

এসআরবি-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার,

সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:০৩   ৩৬ বার পঠিত