ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এর আগে বেলা আড়াইটা থেকে শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইন্টারস্টপ কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পাশের ডিভাইন টেক্সটাইলসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা এতে অংশ নেন। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, বর্তমান বেতনে সংসার চালানো কঠিন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি।
শিল্প পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ চলছে। সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও বিভিন্ন কারখানায় বিক্ষোভ অব্যাহত রয়েছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুজ্জামান বলেন, পোশাকশিল্পের শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। তবে তিনি শ্রমিকদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭:৫০:১৬ ১১ বার পঠিত #কালিয়াকৈর #গাজীপুর #পোশাক শ্রমিক #বেতন বৃদ্ধি #মহাসড়ক অবরোধ #শ্রমিক অসন্তোষ