রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে অনির্দিষ্টকালের অবরোধের প্রভাবে খাগড়াছড়ির পর্যটননির্ভর ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন। টানা আট দিন ধরে পর্যটক না আসায় স্থানীয় দোকানদার, হোটেল মালিক ও পরিবহনসংশ্লিষ্টরা বেচাবিক্রিহীন দিন পার করছেন। খাগড়াছড়ি সদরের কাপড় ব্যবসায়ী বিকিরণ রোয়াজা জানান, প্রতিদিনের কিস্তি ও দোকান ভাড়ার খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে। একইভাবে জুমলাইন মার্কেটের ব্যবসায়ী ও স্থানীয় হোটেল মালিকরা লোকসানের মুখে পড়ে ব্যবসা বন্ধের আশঙ্কায় রয়েছেন। পর্যটনকেন্দ্রের জিপ লাইন ও জায়ান্ট সুইংয়ের মতো বিনোদন ব্যবস্থাও পর্যটকের অভাবে বন্ধ রয়েছে।
২২ অক্টোবর থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এই অবরোধ চলছে। সংগঠনগুলোর দাবি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নিতে হবে। তবে জেএসএস এই অভিযোগ অস্বীকার করেছে।
নিরাপত্তাঝুঁকি বিবেচনায় জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। অবরোধের সমর্থনে গত শনিবার ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ রাঙামাটি ও খাগড়াছড়িতে অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৭:২৪ ১১ বার পঠিত #অবরোধ #খাগড়াছড়ি #পর্যটন #ব্যবসায়ী #রাঙামাটি #সাজেক