ঢাকা উত্তর সিটি এলাকায় ফুটপাত দখল বা অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যেখানেই অবৈধ স্থাপনা গড়ে উঠনে সেখানেই অভিযান পরিচালনা করবে প্রশাসন বলে এমনটাই মন্তব্য করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
দলীয় নেতা-কর্মীসহ মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে ফুটপাতের উচ্ছেদ অভিযানে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। মিছিল দেখে দ্রুত নিজেদের মালপত্র আর তল্পিতল্পা গুটিয়ে পালালেন সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানো ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও হকাররা।
বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকায় ঢাকা উত্তর সিটির উচ্ছেদ অভিযানে এমন দৃশ্য দেখা গেছে। মিরপুর ১ এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান বাধাগ্রস্ত করতে পরাজিত শক্তি উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চায়, তবে কোনো বাধায় কাজ হবে না। বিএনপি নেতাকর্মীরা ফুটপাত থেকে চাঁদাবাজি করেন একথা সত্য নয়। উচ্ছেদ অভিযানে প্রশাসনের পাশাপাশি তারাও সর্বাত্মক সহযোগিতা করছেন।
তিন আরও জানান, ফুটপাত দখল রুখতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে মাঠে থাকবে প্রশাসন, নগরবাসীর স্বাধীনতা নিশ্চিতে কোথাও এক চুল ছাড় নয়।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সকাল ১০টায় অভিযান শুরুর কথা জানিয়েছিল ডিএনসিসি। তবে অভিযান শুরু হয় বেলা সাড়ে ১১টার দিকে।
প্রশাসক শফিকুল ইসলাম খান মিছিল নিয়ে অভিযানে পৌঁছানোর আগেই মিরপুর-১ থেকে শাহ আলী মাজার হয়ে গাবতলীমুখী প্রধান সড়কের অনেক হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়ী মালপত্র সরিয়ে নেন।
এরপর প্রশাসক শফিকুল ইসলাম খান সড়কের ওই অংশে পৌঁছালে শুরু হয় উচ্ছেদ অভিযান। তার পেছনে ছিলেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী, অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা এবং উচ্ছেদকাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি।
অভিযানে শাহ আলী কলেজ মার্কেট, শাহ আলী ডিএনসিসি কাঁচাবাজার, শাহ স্মৃতি মার্কেটসহ আশপাশের বিভিন্ন সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট ও ছাউনি ভেঙে ফেলা হয়। ফুটপাত দখল করে রাখা বিভিন্ন পণ্য জব্দ করে ডাম্প ট্রাকে তোলেন সিটি করপোরেশনের কর্মীরা।
বাংলাদেশ সময়: ২১:০১:৫৯ ৮ বার পঠিত #অবৈধ #অভিযান: #ডিএনসিসি #প্রশাসক #যেখানেই #সেখানেই #স্থাপনা