সরকারি হাসপাতালের রোগীদের হয়রানি করে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া দালাল চক্রকে বিগত ফ্যাসিস্ট সরকারের সৃষ্টি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করতে আগামী ১০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিকের অনুমতি দেওয়া হবে না। শর্ত পূরণ না করা ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোথাও কোথাও তালা লাগানো বা সিলগালা করা হচ্ছে।
মন্ত্রী আরও জানান, উপজেলা পর্যায়ে প্রতিটি হাসপাতালে ১০টি মেশিনসহ একটি ডায়ালাইসিস সেন্টার, মাতৃত্বকালীন ও নবজাতকদের জন্য ২০টি করে শয্যা এবং আলাদা ফিজিওথেরাপি সেন্টার থাকবে। ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকদের আবাসনের জন্য ডরমিটরিসহ সাড়ে তিনতলা ভবন নির্মাণ করা হবে। ওয়ার্ড পর্যায়ে মেডিকেল ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার স্থাপন করে মিডওয়াইফদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
জনবলসংকট নিরসনে আগামী ১ তারিখে সাড়ে ৪০০ চিকিৎসক যোগ দেবেন এবং আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হচ্ছে। চলতি বছর প্রধানমন্ত্রী ঘোষিত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের অংশ হিসেবে ৪১ হাজার ৩৯১ জনকে নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে লুটপাটের কারণে স্বাস্থ্য খাতের অবস্থা নিম্নমুখী হয়েছিল। তবে আগামী দুই বছরের মধ্যে দুর্নীতিমুক্তভাবে চিকিৎসাব্যবস্থাকে উন্নত পর্যায়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯:৪৭:২০ ৯ বার পঠিত #উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স #দালাল চক্র #সরদার মো. সাখাওয়াত হোসেন #স্বাস্থ্য খাত #স্বাস্থ্যমন্ত্রী #স্বাস্থ্যসেবা