রাষ্ট্রপতি দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের বেকারত্ব সমস্যা নিরসনে উচ্চশিক্ষাসহ সর্বস্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষার কোনো বিকল্প নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর তিনি জোর দেন।
বুধবার বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক মান বজায় রাখতে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। তারা জানায়, বিশ্ববিদ্যালয়টি জেসাপ আন্তর্জাতিক কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে এ পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি অর্থ ব্যয়ের তথ্যও তারা তুলে ধরে।
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার ও উদ্ভাবনী কার্যক্রম জোরদার করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান সুদৃঢ় করার আহ্বান জানান। প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালে তিনি তাতে অংশগ্রহণের আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৪৬ ১২ বার পঠিত #ইস্টার্ন ইউনিভার্সিটি #উচ্চশিক্ষা #কর্মমুখী শিক্ষা #কারিগরি শিক্ষা #বেকারত্ব নিরসন #রাষ্ট্রপতি