৭৫ হাজার টাকার শাড়ি সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এই মামলাটি করেন।
বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, আদালত আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর সানায়া আনাম ওয়াফিকাহ তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলাটি তুলে নেওয়ার জন্য তিশা বিভিন্ন সময় বাদীকে হুমকি দিয়ে আসছেন। গত বছরের ৭ নভেম্বর তিশা বাদীকে ফোন করে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও, প্রতারণার মূল মামলাটি পিবিআই তদন্ত করে প্রতিবেদন জমা দিলেও বাদী তাতে নারাজি জানান। সেই নারাজির প্রেক্ষিতে আদালত গত রোববার মামলাটি সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন। সানায়া আনাম অভিযোগ করেন, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তিশা ক্ষিপ্ত হয়ে তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দিয়েছেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী থানায় অভিযোগ করতে গেলেও থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয় বলে অভিযোগে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৭:০৯ ১৬ বার পঠিত #আদালত #তানজিন তিশা #মামলা #শাড়িকাণ্ড #সানায়া আনাম #হুমকি