বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেন। আদালত আগামী ২৫ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে হামলার শিকার হন। এ ঘটনায় ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় শেখ হাসিনাসহ ২০ জন আসামি পলাতক রয়েছেন, যাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। এছাড়া চারজন আসামি বর্তমানে কারাগারে আছেন এবং ১০ জন জামিনে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫২ ১৪ বার পঠিত #অভিযোগ গঠন #আদালত #ট্রাকচালক হোসেন হত্যা #বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন #মোহাম্মদপুর থানা #শেখ হাসিনা