রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডের মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » তানজিন তিশার বিরুদ্ধে শাড়িকাণ্ডের মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজি মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। আদালতের নির্দেশে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়েছে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজির দরখাস্ত দিলে বিচারক সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে তা মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর তানজিন তিশা একটি অনুষ্ঠানে পরার জন্য বাদীর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন, যা পরে আর ফেরত দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদনে তিশা দাবি করেন, তার সাবেক ড্রাইভার শাড়িটি ফেরত না দিয়ে চাকরি ছেড়ে চলে যাওয়ায় তিনি শাড়িটির কথা ভুলে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে প্রতারণা ও হুমকির অভিযোগ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়েছিল, তবে আদালত এখন সিআইডিকে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৫:৫৪   ১২ বার পঠিত   #  #  #  #  #  #