সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬



রাজধানীর পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলার চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আগামী ৮ ডিসেম্বর আলোচিত এ মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ অক্টোবর) আপিল বিভাগ এই দিন ধার্য করেন। এর আগে মামলাটির দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আলোচিত এ মামলায় ২০১৭ সালের ৬ আগস্ট হাইকোর্ট বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ জনের মধ্যে ২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ৬ জনকে খালাস দেন। মৃত্যুদণ্ড বহাল রাখা ২ জন হলেন রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদার। খালাস পাওয়া ২ জন হলেন সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপু। এছাড়া ৪ জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তারা হলেন মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জি এম রাশেদুজ্জামান শাওন ও মীর মো. নূরে আলম লিমন। অন্যদিকে বিচারিক আদালতের দেওয়া যাবজ্জীবন থেকে খালাস পান এএইচএম কিবরিয়া ও গোলাম মোস্তফা। এছাড়া রায়ের বিরুদ্ধে আবেদন না করায় বিচারিক আদালতে যাবজ্জীবনপ্রাপ্ত বাকি ১১ জনের সাজা বহাল থাকে। তারা হলেন— খন্দকার ইউনুস আলী, তারেক বিন জোহর, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, আল আমিন শেখ, রফিকুল ইসলাম, মনিরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭:৩৭:২৬   ১২ বার পঠিত   #  #  #  #  #