
কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ২০২৭ সালের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হওয়ার কথা রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক বছরের প্রচেষ্টার পর এই ইএসডিপি-এমওসি (মেমোরেন্ডাম অব কো-অপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিলস ডেভেলপমেন্ট) চুক্তিটি চূড়ান্ত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের পক্ষে দেশটির বিচার, পররাষ্ট্র, স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এবং ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিনিধিরা স্বাক্ষর করেন। চুক্তির প্রাথমিক মেয়াদ পাঁচ বছর, যা পরবর্তীতে আরও পাঁচ বছর বৃদ্ধির সুযোগ রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এই চুক্তির মূল লক্ষ্য হলো বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করা। চুক্তির আওতায় কর্মীদের জন্য জাপানি স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়নের সুযোগ এবং নারী কর্মীদের জন্য গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের ক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। এছাড়া, দক্ষতা ও অভিবাসনবিধির শর্ত পূরণ সাপেক্ষে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান ও বসবাসের সুযোগের সম্ভাবনাও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় চুক্তির কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। তবে কর্মী নিয়োগের নির্দিষ্ট সংখ্যা, পেশাভিত্তিক চাহিদা, আবেদনপ্রক্রিয়া ও বেতনসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪১ ৯ বার পঠিত #কর্মসংস্থান #চাকরি #চুক্তি #জাপান #প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় #বাংলাদেশ