চাঁদাবাজির মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর মামলার আসামিরা বাদীকে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী খায়রুল ইসলাম খোকন ঢাকার আদালতের একজন শিক্ষানবিশ আইনজীবী এবং গাজীপুরের কালিয়াকৈর থানার চাতৈইলাভিটি গ্রামের বাসিন্দা। সোমবার (১২ অক্টোবর) ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
ভুক্তভোগী জানান, তার প্রতিবেশী আল আমিন, মো. শাহিনুর, মোস্তফা, সাইফুল, জাকির হোসেন, শফিকুল ইসলাম, সিয়াম, কামরুল হোসেন, নুরুন্নাহার, জেসমিন শাহনাজ বেগম, মিতু, রোমান ও মানিক এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও চাঁদা দাবি করে আসছেন।
গত ১৪ জুন বাদী গাজীপুর আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গাজীপুর শিল্প পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। গত ৬ অক্টোবর আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। বাদী অভিযোগ করেন, জামিন পাওয়ার পরপরই আসামিরা তার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আদালত থেকে বাড়ি ফেরার পথে তাকে আটকে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। এ সময় তার বাবা ও অন্যান্য আত্মীয়রা এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় বাদীকে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় ১৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। গত রোববার (১১ অক্টোবর) ১৫ আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত ১৩ জনকে জামিন দেন এবং নুরুন্নাহার ও সেতুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদী অভিযোগ করেন, জামিনপ্রাপ্তরা তাকে ও তার পরিবারকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা ও হস্তক্ষেপ কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:০৬ ৩ বার পঠিত #অপরাধ #আইনজীবী #আদালত #গাজীপুর #চাঁদাবাজি #জামিন #হত্যা চেষ্টা