
সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং উসকানিমূলক প্রচারণার অভিযোগে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী থানাধীন ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)। সোমবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, সোমবার রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা তাদের সহযোগীদের নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার এবং অবৈধ অর্থায়নের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত। এ ছাড়া ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্ম এবং ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশের ভাষ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩৭ ৩ বার পঠিত #অপরাধ #গ্রেপ্তার #ডিএমপি #ডিবি #ষড়যন্ত্র #সেনা কর্মকর্তা