ময়মনসিংহের ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ভবিষ্যতের উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হবে। ১১ অক্টোবর ময়মনসিংহ নগরীর সারিন্দা সাবাড়ি রিসোর্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী জানান, ভবিষ্যতের চাহিদা পূরণ ও পুরোনো উড়োজাহাজ প্রতিস্থাপনের লক্ষ্যে ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০৩১ সাল থেকে ২০৩৬-৩৭ সাল পর্যন্ত ধাপে ধাপে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে। এ ছাড়া মন্ত্রী আন্তর্জাতিক আকাশপথে সরাসরি যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে নিউইয়র্ক, সিডনি, কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনার কথা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ৭:০৬:৪৮ ১৬ বার পঠিত #উন্নয়ন #এম. রাশিদুজ্জামান মিল্লাত #ত্রিশাল #বিমানবন্দর #বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় #ময়মনসিংহ