রবিবার, ১১ অক্টোবর ২০২৬

ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



ভারতের মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় নাগা-কুকি সংঘর্ষে গত ৪৮ ঘণ্টায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজ্যের এই উদ্বেগজনক পরিস্থিতিতে শান্তি ফেরানোর উদ্দেশ্যে মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলে পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

গত শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে একটি প্রতিবাদ কর্মসূচি চলাকালীন এক মহিলাকে গুলিতে খুন হবার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে একাধিক গোষ্ঠী।

হিংসা নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের তরফে চাসাদ পুলিশ গেট জংশন এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬২ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে পাঁচ বা তার বেশি মানুষের জমাবেত নিষিদ্ধ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই মণিপুরে নতুন করে অশান্তির খবর সামনে আসছে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুটি পৃথক হামলায় চার কুকি-জো সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া মেইতেই ও কুকি সংঘাতে ২৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সেই সংঘাতের জেরে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন এবং ওয়াই খেমচাঁদ সিং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী পাঁচ মাস পর রাজ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু নতুন করে যেভাবে রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ছে, তাতে সময়মতো নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে রাজনৈতিক মহলে সংশয় তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২১:২৬   ৯ বার পঠিত   #  #  #  #  #