রবিবার, ১১ অক্টোবর ২০২৬

চুয়েটে অচলাবস্থা অব্যাহত, উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত

প্রথম পাতা » প্রধান সংবাদ » চুয়েটে অচলাবস্থা অব্যাহত, উপাচার্যের রুটিন দায়িত্ব পেলেন অধ্যাপক আরাফাত
রবিবার, ১১ অক্টোবর ২০২৬



চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে ১৯ দিন ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলছে এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্য দপ্তরের ফটকেও তালা দিয়ে রেখেছেন।

এই অচলাবস্থার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমানকে দুই দিনের জন্য রুটিন দায়িত্ব প্রদান করেছেন। আগামী ১১ ও ১২ অক্টোবর তিনি এই দায়িত্ব পালন করবেন। উপাচার্য জানিয়েছেন, তিনি ইউজিসির সভায় যোগ দিতে ঢাকায় অবস্থান করবেন বিধায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি কর্তৃপক্ষকে ই-মেইলে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। তারা আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন। বিক্ষোভের মুখে নতুন উপাচার্য এখন পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক আরাফাত রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আলোচনার মাধ্যমে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করবেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি নাফিস হাসান জানিয়েছেন, এই রুটিন দায়িত্ব তাদের আন্দোলনে কোনো প্রভাব ফেলবে না এবং সায়েম স্যারকে পুনর্বহাল না করা পর্যন্ত শাটডাউন ও তালাবদ্ধ কর্মসূচি অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ৭:১০:২৫   ৮ বার পঠিত   #  #  #  #  #  #