রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম নিয়ে স্বস্তি নেই ক্রেতাদের। অধিকাংশ সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগাম শীতকালীন সবজি শিম প্রতি কেজি ১৫০ টাকা, ফুলকপি প্রতি পিস ৭০ টাকা এবং মুলা প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ঢ্যাঁড়স, করলা, বেগুন, বরবটি, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে পেঁপে তুলনামূলক কম দামে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। কাঁচা মরিচের দাম কিছুটা কমে ১২০ থেকে ১৪০ টাকায় নেমেছে।
বাজারের নতুন ফুলকপি কিনতে আসা ক্রেতা আবু দাউদ বলেন, ১৪০ টাকা দিয়ে দুই পিস ফুলকপি কিনেছেন। এ ছাড়া একটি লাউ ৫০ টাকা এবং এক পোয়া কাঁচা মরিচ ৪০ টাকায় কিনেছেন।
সবজির বাজারে চড়া দামের মধ্যেও ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা কমে ১৪০ টাকায় নেমেছে। মুরগির বাজারে তেমন পরিবর্তন নেই; ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম প্রতি কেজি ৮০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। মাছের বাজারেও দাম চড়া। রুই ও কাতলা ৩৮০ থেকে ৪২০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের ভাষ্যমতে, বর্তমানে ২০০ টাকার নিচে মাছের সংখ্যা কমে এসেছে এবং শুক্রবার চাহিদা বেশি থাকায় কিছু মাছের দামও বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০০:২৪ ১৯ বার পঠিত #ডিম #দ্রব্যমূল্য #বাজারদর #মাংস #মাছ #রাজধানী #সবজি