বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল

প্রথম পাতা » অপরাধ » ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ন্যাম ভবনে তার শয়নকক্ষের পাশের বারান্দায় ঘুমাতে হতো বলে আদালতে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। দুই দফায় আট দিনের রিমান্ডে গাজী নজরুলকে জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করেছেন।

মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় রিমান্ড শেষে সোমবার গাজী নজরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা জানান, গাজী নজরুল তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলাম এবং দ্বিতীয় স্ত্রী মরিয়মকে নিয়ে ন্যাম ভবনে বসবাস করতেন। মাকছুদা ইসলাম এ মামলার দ্বিতীয় আসামি। তদন্ত কর্মকর্তার ভাষ্যমতে, প্রথম স্ত্রী মাকছুদাকে নিয়ে ন্যাম ভবনে বসবাসের সময় মরিয়ম মাঝে মাঝে নজরুল ইসলামের শয়নকক্ষের পাশের বারান্দায় ঘুমাতেন। তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার বিষয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৮:১৭:১০   ১১ বার পঠিত   #  #  #  #  #  #  #