মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অসৎ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তিদের হাতে সর্বাধুনিক এআই প্রযুক্তি গেলে তা এমন পরিস্থিতির সৃষ্টি করতে পারে, যার পরিণতিতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে। গেটস বলেন, যদিও এমন ঘটনা ঘটার সম্ভাবনা শতভাগ নিশ্চিত বলা কঠিন, তবে এআই প্রযুক্তির মতো শক্তিশালী অস্ত্র এর আগে কখনো কারো হাতে ছিল না।
এআইয়ের ক্ষমতা নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে কঠোর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন গেটস। তিনি বলেন, প্রযুক্তি খাতের ওপর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলেও এআই উন্নয়নের গতি খুব একটা কমবে না।
এর আগে যুক্তরাজ্যভিত্তিক অ্যালান টিউরিং ইনস্টিটিউট এক প্রতিবেদনে সতর্ক করেছে যে, আগামী পাঁচ বছরের মধ্যে এমন ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই ব্যবস্থা তৈরি হতে পারে, যা মানুষের জ্ঞানগত সক্ষমতাকে ছাড়িয়ে যাবে। এ ধরনের প্রযুক্তির ওপর কার্যকর মানব নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া এআইয়ের মাধ্যমে রাসায়নিক ও জৈবিক হুমকির পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ফ্রন্টিয়ার এআইয়ের উন্নয়নে সাময়িক বিরতি, তৃতীয় পক্ষের মূল্যায়ন এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড তৈরির প্রস্তাব দিয়েছেন। এছাড়া প্রতিষ্ঠানটির সাবেক গবেষক জ্যাকব কক্সন এবং অ্যালাইনমেন্ট সায়েন্সের প্রধান ইভান হাবিঙ্গারও চলতি দশকের শেষ নাগাদ এআইজনিত বিপর্যয়ের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ৭:৪০:১২ ১ বার পঠিত #এআই #কৃত্রিম বুদ্ধিমত্তা #নিরাপত্তা ঝুঁকি #প্রযুক্তি #বিল গেটস #সতর্কবার্তা