![]()
ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার কিল-ঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বেলা ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
জানা যায়, কামালহাট গ্রামে নিয়ামত আলীর ভাতিজা ইরশাদ আলীর দোকান আছে। দোকানে ব্যবসা করার জন্য ইরশাদকে তার চাচা ৫ হাজার টাকা ধার দেয়। ওই টাকা ফেরত চাওয়া নিয়ে এর আগে দু’জনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভাতিজা ইরশাদের কাছে পুনরায় পাওনা টাকা ফেরত চায় তার চাচা নিয়ামত আলী। এসময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ইরশাদ তার চাচাকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন নিয়ামত আলী। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম জানান, দুপুরে নিয়ামত নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষা করে দেখতে পাই হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ আনতে গেলে স্থানীয় লোকজন বাধা দেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ৮:২৫:২৫ ১৩ বার পঠিত