চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিকের ৫ বছরের সাজা

প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিকের ৫ বছরের সাজা
সোমবার, ১১ মে ২০২৬



চাঁদাবাজির মামলায় কথিত দুই সাংবাদিকের ৫ বছরের সাজা

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় এস.এম আলী আজম ও আশিকুর রহমান রনি নামে কথিত দুই সাংবাদিককে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দেন এস.এম আলী আজম ও আশিকুর রহমান রনি। এসময় তারা বিদ্যালয়ের বিভিন্ন বিল-ভাউচার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র দেখতে চান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের জানান, এসব নথিপত্র দেখভালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে।

এতে ক্ষিপ্ত হয়ে তারা শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে অসদাচরণও করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন ও শিক্ষকরা এস.এম আলী আজমকে আটক করেন। তবে অপর আসামি আশিকুর রহমান রনি মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান বাদী হয়ে আশুগঞ্জ থানায় দণ্ডবিধির ৪১৯, ৩৮৫ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ একই ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ তফসির আহমেদ তানভীর বলেন, সাজাপ্রাপ্তরা সাংবাদিকতার নাম ব্যবহার করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা জায়গায় চাঁদাবাজি করতেন। আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দিয়েছেন। এতে বাদী সন্তোষ প্রকাশ করেছেন।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। প্রকৃত সাংবাদিকরা সবসময় দেশ, সমাজ ও নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থাকেন। সাজাপ্রাপ্তরা নামসর্বস্ব পত্রিকার কার্ড ব্যবহার ও অনুমোদনহীন ফেসবুক পেজ খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতেন। তারা মূল ধারার কোনো সাংবাদিক নন। এ রায় অপ-সাংবাদিকতা ও ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে একটি যুগান্তকারী বার্তা।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৭   ৭২০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশে স্বর্ণের দাম বাড়ল
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!

Law News24.com News Archive

আর্কাইভ