মঙ্গলবার, ৫ মে ২০২৬

সাব-রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে রুল

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সাব-রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে রুল
মঙ্গলবার, ৫ মে ২০২৬



সাব-রেজিস্ট্রি অফিসে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে রুল

দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পাবলিক ডিসপ্লেসহ উচ্চমানের (হাই ডেফিনেশন) সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাব রেজিস্ট্রি অফিসে ডিজিটাল মনিটরিং সিস্টেম আওতায় আনতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও আইগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।

এসংক্রান্ত এক রিট আবেদনে শুনানির পর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। আইনসচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সেবা কার্যক্রমকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করতে এক ব্যতিক্রম উদ্বোগ নেন সাভার সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন। এর অংশ হিসেবে তিনি নিজ উদ্যোগে সাব-রেজিস্ট্রার অফিসে ক্লোজড সিসি ক্যামেরা ও মূল ফটকের পাশে স্থাপন করেন মনিটর। জাকির হোসেনের এই উদ্যোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন করেন। এতে উদ্বুদ্ধ হয়ে গত ২৬ এপ্রিল বিবাদীদের আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আল মামুন সাগর।

নোটিশে অবিলম্বে দেশের সব সাব-রেজিস্ট্রি অফিসে পাবলিক ডিসপ্লেসহ সিসি ক্যামেরা স্থাপন এবং সাব-রেজিস্ট্রি অফিস ডিজিটাল মনিটরিংয়ের আওতায় আনার পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়। বিবাদীদের কাছ থেকে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্ট রিট করেন আইনজীবী সাগর। আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৩৮   ৭ বার পঠিত