বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় সৎমামার যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় সৎমামার যাবজ্জীবন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬



ছয় বছরের শিশু ধর্ষণ মামলায় সৎমামার যাবজ্জীবন

ঢাকার মাতুয়াইলে ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের দায়ে তার সৎমামা সোহান আলম তপুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল বুধবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় দেন।

তপুকে (২৬) যাবজ্জীবন সাজার পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা আদায়ে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভুক্তভোগীকে দিতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এসব তথ্য জানিয়েছেন। গতকাল কারাগার থেকে আসামি তপুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, তপুর মা কদমতলী থানাধীন মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে আয়ার কাজ করেন। সেই পরিচয়ের সূত্র ধরে ঘটনার চার দিন আগে ধর্ষণের শিকার শিশুটির মা তাঁর ছোট ভাইয়ের নিউমোনিয়ার চিকিৎসা করাতে ওই হাসপাতালে যান। তপু সম্পর্কে শিশুটির সৎমামা।

২০২৩ সালের ৮ মে রাত ৮টার দিকে তপুর মা শিশুকে তাঁর বাসায় নিয়ে যান।

রাত ২টার দিকে শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন তিনি। পরদিন শিশুটি তার মাকে জানায়, সে চোখে ব্যথা পেয়েছে। শিশুটি তার মাকে জানায়, তপু খাবার কিনে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুটির মায়ের চাচাতো ভাই ১০ মে কদমতলী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে তপুকে অভিযুক্ত করে ওই বছরের ২৬ মে অভিযোগপত্র জমা দেন কদমতলী থানার এসআই মহসীন চৌধুরী।

২০২৪ সালের ৯ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮:১০:৪৬   ৫ বার পঠিত