সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ পেয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে চট্টগ্রামের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার বিষয়ে প্রমাণ পেয়েছে প্রসিকিউশনের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রধান এডভোকেট আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের একজন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। যিনি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার এক আসামি ফজলে করিম চৌধুরীকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে তার স্ত্রীর কাছে এক কোটি টাকা ঘুষ চান। তার সেই ঘুষ চাওয়ার অডিওটি মিডিয়ার মাধ্যমে ফাঁস হওয়ার পর আমরা একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত শুরু করি। ইতোমধ্যে সেই অডিও রেকর্ডের সত্যতা পেয়েছি। এখানে তাদের দুইজনেরই কথা আছে।’

তিনি আরও বলেন, ‘কথোপকথনের সত্যতা পেলেও এর বাহিরে তাদের কোনো লেনদেন হয়েছে কি না, সেই বিষয়টি এখনো খতিয়ে দেখছি। এর আগে এই বিষয়টা যখন আমাদের সামনে আসে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং এরপরই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পদত্যাগ করলেও এ বিষয়টি আমরা তদন্ত করে যাচ্ছি। খুব দ্রুতই আমরা তদন্ত রিপোর্টটি প্রকাশ করব এবং আসল সত্যটা তুলে ধরব।’

জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে জামিন করিয়ে দেয়ার জন্য এক কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ অভিযোগ ওঠার পর ওই প্রসিকিউটর ১০ মার্চ পদত্যাগ করেন। এদিনই তাকে অব্যাহতি দেয় আইন মন্ত্রণালয়। ২০২৪ সালের ৭ অক্টোবর তাকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছিল।

সাইমুম রেজার পদত্যাগের ঘণ্টা কয়েক পর ‘ঘুষ দাবির’ অভিযোগের দুটি অডিও ফাঁস হয়। ওই দুটি অডিওতে সাইমুম রেজাকে চট্টগ্রাম-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীর পরিবারের এক আইনজীবীর সঙ্গে ‘ঘুষ দাবির’ দরকষাকষির কথোপকথনে শোনা যায়।

এই অডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ।

ফাঁস হওয়া অডিও ক্লিপগুলোতে আর্থিক লেনদেনের পাশাপাশি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ প্রক্রিয়া এবং রাজনৈতিক তদবিরের বিষয়ে কথা বলতে শোনা যায়।

গণমাধ্যমের কাছে আসা সেই অডিওতে সাইমুম রেজা তালুকদারকে সরাসরি ‘এক কোটি টাকা’ প্রত্যাশার কথা বলতে শোনা যায়। অডিও এর কথোপকথনে ‘কিস্তিতে টাকা পরিশোধের’ কথা শোনা যায়।

সাবেক সংসদ সদস্য ফজলে করিমকে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করে পুলিশ।

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ৯ জন নিহত এবং ৪৫৯ জন আহত হওয়ার ঘটনায় সাবেক ওই এমপির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই এমপি বর্তমানে এই হত্যা মামলায় কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ০:১০:১০   ৭২ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


সালমান এফ রহমানকে ৫ আগস্ট যেসব কথা বলেছিলেন শেখ রেহানা
মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৩ প্রসিকিউটর নিয়োগ
চিফ প্রসিকিউটর এক-এগারোর সরকারের সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন
শাপলা চত্বর হত্যাকাণ্ড রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আবদুল জলিল
বিচারপতির গাড়ি নষ্ট ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ক্ষোভ প্রকাশ
হত্যা মামলায় শামীম ওসমানের বিচার শুরুর আদেশ আজ
শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: আজ জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন ষষ্ঠ সাক্ষী

Law News24.com News Archive

আর্কাইভ