পদ্মায় বাসডুবির মর্মান্তিক ঘটনায় অগণিত প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত।


বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নিয়ম

প্রথম পাতা » প্রধান সংবাদ » বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নিয়ম
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬



বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নিয়ম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অ্যাডহক কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। মঙ্গলবার বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিশেষ পরিপত্র মেনেই এই কমিটি গঠন করতে হবে। বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক (পাস) বা সমমান। তবে বিশেষ ক্ষেত্রে যদি কেউ শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখেন বা বিশেষ যোগ্যতাসম্পন্ন হন, তবে মন্ত্রণালয় চাইলে সেই নিয়ম শিথিল করার ক্ষমতা রাখে।

কমিটির সভাপতি নির্বাচনের প্রক্রিয়াটিও এখন বেশ সুনির্দিষ্ট। প্রতিষ্ঠানের প্রধানকে সভাপতি পদের জন্য তিনজনের নাম ও জীবনবৃত্তান্ত বোর্ডের কাছে পাঠাতে হবে। মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকায় উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসকের মাধ্যমে এই প্রস্তাব পাঠাতে হবে। সম্ভাব্য তালিকায় থাকতে পারেন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা (বর্তমান বা অবসরপ্রাপ্ত), প্রবীণ শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা বিশিষ্ট সমাজসেবক। এই তিনজনের মধ্য থেকে যাচাই-বাছাই করে বোর্ড একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে। মূলত স্বচ্ছতা ফেরাতে এবং যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আনতেই প্রবিধানমালা ২০২৪-এর আলোকে এই কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা বোর্ড।

বাংলাদেশ সময়: ১৯:২৬:১৩   ১৩ বার পঠিত