রবিবার, ১৫ মার্চ ২০২৬

মিডফোর্ডে সোহাগ হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন ২৩ এপ্রিল

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » মিডফোর্ডে সোহাগ হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন ২৩ এপ্রিল
রবিবার, ১৫ মার্চ ২০২৬



মিডফোর্ডে সোহাগ হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন ২৩ এপ্রিল

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ( ১২ মার্চ) অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলাটির তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে পারেননি।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত প্রতিবেদনে দাখিলের জন্য নতুন করে আগামী ২৩ এপ্রিল তারিখ নির্ধারণ করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক অনুপ কুমার দাশ এতথ্য নিশ্চিত করেন।

গত ২০ জানুয়ারি মামলাটির তদন্তে ত্রুটি-বিচ্যুতি থাকায় অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) এলোপাতাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

তদন্ত শেষে গত ৮ ডিসেম্বর এই মামলায় ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার (বর্তমানে শাহবাগ) অফিসার্স ইনচার্জ মনিরুজ্জামান। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ আসামিকে অব্যাহতির সুপারিশ করেন তদন্তকারী এ কর্মকর্তা।

এদের মধ্যে ১৩ আসামি কারাগারে ও ৮ আসামি পলাতক রয়েছেন।

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত মিটফোর্ড এলাকার রজনি ঘোষ লেনে ব্যবসা করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ৮:৫০:২৫   ১০৪ বার পঠিত