শনিবার, ৭ মার্চ ২০২৬

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীর শাহজাহানপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. সেকান্দার (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শাহজাহানপুরের ভাঙাড়ি গলিতে দুর্বৃত্তরা সেকান্দারকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর এলাকায়।

নিহতর ভাই আমির আলী জানান, তার ভাই পেশায় অটোরিকশা চালক ছিলেন। বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাকে হত্যা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাহানপুর থানা পুলিশ এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৪৪   ১৪ বার পঠিত