শনিবার, ৭ মার্চ ২০২৬

ট্রাইব্যুনালের আসামি খালাসে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » ট্রাইব্যুনালের আসামি খালাসে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



ট্রাইব্যুনালের আসামি খালাসে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী কে খালাস দিতে তার পরিবারের কাছে টেলিফোনে এ ঘুষ দাবী করেন তিনি। এ সংক্রান্ত দুটি অডিও গণমাধ্যমের কাছে এসেছে। তবে ঘুষ চাওয়ার এ অভিযোগ অস্বীকার করে সাইমুম রেজার দাবী অডিও গুলো তার নয়। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে এসব মিথ্যা অডিও বানিয়ে প্রচার করছে। সোমবার গণমাধ্যমকে টেলিফোনে এসব কথা বলেন তিনি। একই দিন আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই আইনজীবীকে অব্যাহতি দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে গত বছরের ১৬ই ফেব্রুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবী জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের কলেজ ছাত্র ওয়াসিমসহ ৯ জন শহীদ এবং ৪৫৯ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব হত্যাকান্ডের সঙ্গে তার সম্পৃক্ততা থাকতে পারে। এ নিয়ে প্রসিকিউশন তদন্ত করছে। ইতিমধ্যে কয়েকদফা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছরের ১২ই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেপ্তার করা হয় ফজলে করিম চৌধুরীকে।

গণমাধ্যমের কাছে আসা অডিওতে শোনা যায়, ঘুষ লেনদেন নিয়ে টেলিফোনে একজন নারীর সঙ্গে কথা বলছেন সাইমুম রেজা। তিনি বলেন, এই পুরো টাকার পরিমান এখনই বলবে নাকি আপাতত একটি টাকার এমাউন্ট বলবে। জবাবে সেই নারী জানান, টোটাল ও আপাতত দুটি এমাউন্টই বলো ভাইয়া। পরে সাইমুম রেজা বলেন, রাতে এটি নিয়ে কথা বলবো। পরে এক কোটি টাকা ঘুষ দিলে মামলার আসামি থেকে খালাসের ব্যবস্থা করা হবে বলে দাবী করেন তিনি। এমনকি নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়ার পরেও পুরো টাকা পাওয়ার নিশ্চয়তা চান তিনি। এছাড়া, বিএনপির সংসদ সদস্য হুম্মাম কাদের চেীধুরী ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল কে দিয়ে তদবিরের পরামর্শ দেন তিনি।
এসব অভিযোগের ব্যাপারে সাইমুম রেজা তালুকদার গণমাধ্যমকে বলেন, এই অডিও তার নয়। একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে এসব মিথ্যা অডিও বানিয়ে প্রচার করছে। তার একার পক্ষে কোনো আসামিকে খালাস দেয়া সম্ভব নয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর ও কয়েকটি মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা গণমাধ্যমকে বলেন, ঘুষ চাওয়া সংক্রান্ত দুটি অডিও তাদের নজরে এসেছে। তবে এসব অডিও এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা) কিনা তা পরীক্ষা করে দেখা হয়নি। তিনি বলেন, এসব অডিওর কথা ও শ্বাস নেয়ার প্রক্রিয়া দেখে বলা যায় যে, এটি এআই জেনারেটেড নাও হতে পারে। তবে অডিওর ফরেন্সিক প্রমাণে উঠে আসবে প্রকৃত সত্য ঘটনা।

উল্লেখ্য, সোমবার প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২:৩৬:০৩   ৯ বার পঠিত