বুধবার, ৪ মার্চ ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই ৪৫ মৃত্যু, বাস্তুচ্যুত লাখো মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই ৪৫ মৃত্যু, বাস্তুচ্যুত লাখো মানুষ
রবিবার, ৮ মার্চ ২০২৬



লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই ৪৫ মৃত্যু, বাস্তুচ্যুত লাখো মানুষ

লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলার তীব্রতা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে লাশের মিছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছেন। এর ফলে গত সোমবার (২ মার্চ) থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ৫ দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৩৩৯ জনে।

মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, হামলার এই ভয়াবহ ঢেউয়ে এ পর্যন্ত কমপক্ষে ১১৭ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

হামলার মুখে প্রাণ বাঁচাতে দক্ষিণ লেবানন ও বৈরুতের উপশহর এলাকাগুলো থেকে মানুষ দলে দলে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। বর্তমানে ১ লাখ ১২ হাজার ৫২৫ জন মানুষ ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। লেবানন সরকার ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে যে, বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের জন্য প্রয়োজনীয় খাবার, ওষুধ ও বাসস্থানের সংকট দেখা দিচ্ছে, যা একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী তাদের অভিযান আরও জোরদার করার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করলেও বেসামরিক জানমালের এই ব্যাপক ক্ষয়ক্ষতি পুরো অঞ্চলকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সূত্র-আল জাজিরা

বাংলাদেশ সময়: ০:৪৭:০৪   ৮ বার পঠিত