মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

৬ মাস ধরে গুজব চলছে, নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ৬ মাস ধরে গুজব চলছে, নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



৬ মাস ধরে গুজব চলছে, নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং কোনো ধরনের শঙ্কা নেই।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, গত ছয় মাস যাবত গুজব শুনতেছি—ভোট হবে না, এটা হবে, সেটা হবে। কিন্তু আজকে আপনারা নিজেরাই দেখতেছেন চমৎকার ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নাই, কোনো শঙ্কাও নাই।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত। এই ভোটে আমিও শরিক হলাম।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে কমিশনার জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফলাফল মেনে নেওয়ার বক্তব্য এসেছে বলে তিনি উল্লেখ করেন।

টিভি স্ক্রিনে দেখলাম, উভয় দলই বলছে ফলাফল যাই হোক তারা মেনে নেবে। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, সবাই সেটা মেনে নেবেন—এটাই স্বাভাবিক, যোগ করেন তিনি।

শেখ সাজ্জাত আলী বলেন, দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি আশা করছেন।

২০১৮ সালে ভোট দিতে এসে নিজের অভিজ্ঞতা উল্লেখ করে কমিশনার বলেন, এই কেন্দ্রেই ১৮ সালের নির্বাচনে আমি ভোট দিতে এসেছিলাম। তখন আমার বাসা এখানে ছিল। আপনারা জানেন আমি ১৬ সালে অবসর গ্রহণ করেছি। এখন ডিএমপি কমিশনার হিসেবে মিন্টু রেডে থাকি। ২০১৮ সালে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসে গেটটা পার হয়ে যখন ভিতরে গিয়েছিলাম, তখন আমাকে বলা হলো আপনার ভোট দেয়া হয়েছে। এই কথা শুনে আমি গেট থেকেই ফেরত চলে গেছিলাম।

বাংলাদেশ সময়: ১৩:১৪:০১   ২৬ বার পঠিত