মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

ট্রাক প্রতীকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি বিএনপি নেতার

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » ট্রাক প্রতীকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি বিএনপি নেতার
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



ট্রাক প্রতীকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকি বিএনপি নেতার

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনকে ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে।

ঋণখেলাপির দায়ে প্রার্থিতা হারানো বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সীর দেওয়া এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্জুরুল আহসান মুন্সী বলছেন, যদি ক্ষমতায় বিএনপি থাকে আর আপনারা যদি অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। ঘরবাড়ি পুড়াইয়া ছারখার করে দেব। আমি পরিষ্কার করে বলতেছি। আমার কথা রেকর্ড করে ফেসবুকে ছাড়তে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আমি এটা মিন করতেছি। সুতরাং আমি যেন অপমানিত না হই। যদি অপমানিত হই, সেই অপমানের প্রতিশোধ এভাবেই নেব। ১২ ফেব্রুয়ারি আপনারা সবাই ট্রাক মার্কায় ভোট দিয়ে জিতাবেন, আমাকে অপমানের হাত থেকে রক্ষা করবেন এবং তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করবেন।

এদিকে মঞ্জুরুল আহসান মুন্সীর এই বক্তব্যের ভিডিও জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেছেন।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন। তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। তিনি ভোটের মাঠে অনৈতিকভাবে প্রভাব বিস্তার করছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী তার ওই বক্তব্যের ব্যাখ্যা উপস্থাপন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি উল্লেখ করেন, আমার সাম্প্রতিক একটি বক্তব্যের আংশিক অংশ কেটে শর্ট ক্লিপ তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আব্দুল্লাহ ও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি জনগণের সামনে পরিষ্কার করার জন্য আমি আমার সম্পূর্ণ বক্তব্যটি তুলে ধরছি।

তিনি উল্লেখ করেন, এই বক্তব্যটি আমি আমার নিজ এলাকায়, আমার নিকটাত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে বলেছিলাম। সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে একটি মহল আমাকে জড়িয়ে নোংরা রাজনীতিতে লিপ্ত হয়েছে; যা অত্যন্ত দুঃখজনক। আমি বিশ্বাস করি, সত্য কখনো চাপা থাকে না। জনগণ সবসময় সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে জানে।

বাংলাদেশ সময়: ২১:৫৭:২৮   ৩০ বার পঠিত