![]()
রাজধানীর গুলশানে হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে তরুণী ধর্ষণ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।
পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত আগামী ৯ মার্চ ধার্য তারিখ পর্যন্ত ১০ হাজার টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী জাকির হোসেন এতথ্য নিশ্চিত করেন।
সম্প্রতি মামলাটিব তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম আসামি তোফায়েলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারিতে আসামি তোফায়েলের সঙ্গে ভুক্তভোগী তরুণীর ফেসবুকে পরিচয় হয়। এরপর থেকে তারা ফেসবুক মেসেঞ্জারে কথা বলতেন। এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আসামি তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেয়। তবে তরুণী রাজি নাহলে তাকে বিয়ের জন্য ফুসলিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন। এক পর্যায়ে গত ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নেয়। সেখানে নিয়ে আসামি তোফায়েল তাকে ধর্ষণ করেন। তখন তাকে অল্প কিছু দিনের মধ্যে বিয়ে করবেন বলে আশ্বস্ত করেন তিনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। ওই তরুণী তাকে বিয়ের কথা বললে তোফায়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত বছরের ১ আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় ধর্ষণ মামলা করেন।
মামলা করার পর ওই বছরের ২৪ সেপ্টেম্বর আসামি তোফায়েলকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে এই জামিন শেষ হওয়ার আগেই ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫:০৫:৫৭ ৩৩ বার পঠিত