বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের - অধ্যাপক মুজিবুর রহমান

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের - অধ্যাপক মুজিবুর রহমান
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



---

লালমোহন (ভোলা)  প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে অামির, সাবেক সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন,ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামী’র কোনো কর্মী চাঁদাবাজি বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্লাহর সভাপতিত্বে এবং ভোলা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, ভোলা -৩ অাসনে জামায়াত সমর্থিত ও বিডিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাইম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  ভিপি মো. রিয়াজুল ইসলাম,  লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হক প্রমুখ।

এসময় উপজেলা জামায়াত ও ১১ দলীয় জোটের  বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

নির্বাচনী সভায় উপজেলা কৃষক লীগের সভাপতি মোখলেস বকশি তার কিছু অনুসারীসহ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০৯   ৭২ বার পঠিত