![]()
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের জামিন আদেশ ছাড়াই হত্যা মামলার তিন আসামিকে মুক্তি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ডেপুটি জেলারের বিরুদ্ধে। বিষয়টি কারা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা নাকি ইচ্ছাকৃত তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই তারাকান্দা থানার একটি হত্যা মামলায় তিন আসামি মুক্তি পায়। এ ঘটনায় ময়মনসিংহের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম খবরের সত্যতা স্বীকার করে জানান, কারাগারের এক কর্মকর্তা ভুল করে তিন আসামিকে মুক্তি দিয়েছেন।
এটি ভুল করে দিয়েছেন নাকি ইচ্ছেকৃতভাবে দিয়েছেন তা তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান। এর আগে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ সাংবাদিকদের জানান, ভুল করে অসতর্ক অবস্থায় তিন আসামিকে মুক্তি দিয়েছেন তিনি।
ময়মনসিংহ বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই তিনজন তারাকান্দা থানার একটি হত্যা মামলার আসামি ছিলেন। প্রোডাকশন ওয়ারেন্টকে ‘ভুল’ করে জামিননামা ভেবে ওই তিন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করবে তদন্ত কমিটি। যে সব কর্মকর্তা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, আসামিরা তারাকান্দা উপজেলার রামপুরের বাসিন্দা। এরা তিনজনই সহোদর। জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় একজন নিহত হয়। সেই হত্যা মামলার আসামি ছিলেন এ তিন ভাই। তাৎক্ষণিকভাবে আসামিদের পিতৃপরিচয় জানাতে পারেননি ওসি।
বাংলাদেশ সময়: ২:৪১:১২ ৪০ বার পঠিত