সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



রাজধানীর মোহাম্মদপুরে স্ত্রীকে হত্যার দায়ে মো. নুরুল আবসার নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১৩ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, সাক্ষ্য-প্রমাণ ও ময়নাতদন্ত প্রতিবেদনে ভিকটিম মোছা. খাবিরুন নেছার শরীরে ব্যাপক মারধরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আদালত আরও বলেন,

বিবাহ কোনো নারীর ওপর পুরুষের আধিপত্য প্রতিষ্ঠার লাইসেন্স নয়; বরং এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের বন্ধন। স্ত্রীর কোনো আচরণ, মতভেদ কিংবা দাম্পত্য কলহ স্বামীকে তার প্রতি নির্যাতন, শারীরিক আঘাত কিংবা হত্যার অধিকার দেয় না।

মামলার বিবরণ অনুযায়ী, প্রায় ১৭ বছর আগে নুরুল আবসারের সঙ্গে ভুক্তভোগী খবিরুন নেছার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আসামি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর গ্রামের বাড়ি থেকে ফেরার পরদিন ১১ সেপ্টেম্বর সকালে নুরুল আবসার তাকে মারধর করেন। ওইদিন দুপুরের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই মো. জুব্বার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২৪ সালের ২২ এপ্রিল তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল ইসলাম অভিযোগপত্র দাখিল করেন এবং ৮ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠন করা হয়। মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১১   ১০ বার পঠিত   #  #  #  #  #