জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতায় বাংলাদেশিদের জন্য জাপানে কাজের ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকোনমিক কো-অপারেশন কারাসাওয়া শিঞ্জু।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে ‘এসটি মিরাই জাপানিজ একাডেমি লিমিটেড’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কারাসাওয়া শিঞ্জু বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও দয়ালু। এ ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়বে এবং তারা জাপানে যাওয়ার প্রস্তুতি নিতে পারবে।
এসটি মিরাই জাপানিজ একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, জাপানের নতুন সরকার কারিগরি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে। তাই জাপানে যাওয়ার ক্ষেত্রে ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতায় জোর দিতে হবে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের জাপানি ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও ধারণা দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে অলাভজনক উদ্দেশ্যে একাডেমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশি তরুণ-তরুণীদের জাপানি ভাষায় দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়তা করা।
উদ্বোধনী অনুষ্ঠানে এসটি মিরাই জাপানিজ একাডেমির চেয়ারম্যান তামিকো মিজাই, পরিচালক কেনজি মিজাই, অকো টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি কাইয়ূম জামান খান এবং আইটিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এনায়েত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফুরজামান খান।
বাংলাদেশ সময়: ১৪:১৫:২৭ ১১ বার পঠিত #এসটি মিরাই জাপানিজ একাডেমি #কর্মসংস্থান #কারিগরি শিক্ষা #জাপান #জাপানি ভাষা