সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬



অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন

মডেল-অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে উপস্থিত হয়ে বাদী এই আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় দায়ের করা এই মামলায় বিবাদীপক্ষ আদালত থেকে নোটিশ গ্রহণ করলেও নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আদালত আগামী ১৪ ডিসেম্বর শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে উল্লেখ করা হয়েছে, বিবাদী মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও আদালতে হাজির না হয়ে আদালত অবমাননা করেছেন এবং মামলার পর থেকে বাদীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি অব্যাহত রেখেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সানায়া আনাম। এরপর মামলাটি তুলে নিতে তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়। গত বছরের ৭ নভেম্বর ফোনে হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। বাদীর দাবি, প্রতারণার মামলার তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে তার পল্লবীর বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রতারণার মামলাটি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১৪:১১:৪৮   ১২ বার পঠিত   #  #  #  #  #