লিওনেল মেসিকে ছাড়া নতুন অধ্যায়ের শুরুটা সুখকর হলো না আর্জেন্টিনার। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার (১৪ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলশূন্য সমতায় বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সফরকারীরা। ৪৮তম মিনিটে লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। পাঁচ মিনিট পর জর্জিয়ান দে আরাসকায়েতার পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সি আরাউহো। দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আর্জেন্টিনা। ৭৩তম মিনিটে গনসালো প্রেস্টিয়ানির সহায়তায় গোল করে ব্যবধান কমান হুলিয়ান আলভারেজ। শেষ পর্যন্ত সমতাসূচক গোলের দেখা না পাওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।
বাংলাদেশ সময়: ১০:১৪:১১ ১৬ বার পঠিত #আর্জেন্টিনা #উরুগুয়ে #প্রীতি ম্যাচ #ফুটবল #লিওনেল মেসি