শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডায়াবেটিস রোগীর সংখ্যায় বিশ্বে বাংলাদেশ সপ্তম, চিকিৎসায় ব্যয় সবচেয়ে কম
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৯ লাখের বেশি। এই সংখ্যার ভিত্তিতে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে। শুক্রবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান জানান, আক্রান্তদের অর্ধেকের বেশি মানুষই জানেন না যে তাঁদের ডায়াবেটিস আছে।

ডায়াবেটিস এখন বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের ব্যাধি। সামাজিক অনুষ্ঠানে মানুষকে ডায়াবেটিস নিয়ে কথা বলতে শোনা যায়। ভাত, মিষ্টি বেশি না খাওয়ার আলোচনা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি শোনা যায়।

আইডিএফ-এর তথ্যমতে, ডায়াবেটিস রোগীর চিকিৎসায় মাথাপিছু ব্যয়ের দিক থেকে বাংলাদেশ বিশ্বের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। বাংলাদেশে একজন রোগীর পেছনে বছরে গড়ে ৭৪ ডলার বা ৯ হাজার ২৫০ টাকা খরচ করা হয়। তুলনামূলকভাবে সুইজারল্যান্ডে এই খরচ ১২ হাজার ২৩৪ ডলার বা ১৫ লাখ ২৯ হাজার টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ২০৩০ সালের মধ্যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আন্তর্জাতিক লক্ষ্যমাত্রা অর্জন বাংলাদেশের জন্য কঠিন। দেশে ডায়াবেটিস চিকিৎসা মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। সরকারিভাবে এনসিডি কর্নারের মাধ্যমে ওষুধ বিতরণের কার্যক্রম থাকলেও বর্তমানে তা স্থবির হয়ে পড়েছে। তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন জানিয়েছেন, সরকার ‘ইনস্টিটিউট অব ডায়াবেটিস, মেটাবলিক অ্যান্ড এন্ডোক্রাইন ডিজিজেস’ প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করছে।

জাতীয় পর্যায়ে বড় কোনো জরিপ না হলেও একাধিক ছোট গবেষণায় দেখা গেছে, যাঁরা নিয়মিত চিকিৎসা নেন, তাঁদের ৩৫ শতাংশের শর্করা ও ৫০ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। অর্থাৎ এ দুটি ক্ষেত্রেও বাংলাদেশ লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে।

বাংলাদেশ সময়: ১০:১৩:৪৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #