বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। মামলার অন্য দুই অভিযুক্ত হলেন বিএনপি কর্মী আহমেদ কবির ও মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিক হাওলাদার। মামলার নালিশিতে বাদী উল্লেখ করেন, গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আশিক হাওলাদার তাঁকে চরিত্রহীন দাবি করেন এবং দুই পুরুষের সঙ্গে তাঁর ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি করে ছড়িয়ে দেন। পরবর্তী সময়ে অভিযুক্ত আশিক, নাসরিন ও আহমেদ কবির নিজেদের ফেসবুক আইডি থেকে ওই লিফলেট সরাসরি প্রচার করেন। এর ফলে বাদী সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়। মামলার বিষয়ে আফরোজা খানম নাসরিন বলেন, আমি বিএনপির মাঠের কর্মী। আমাকে রাজনীতি থেকে সরাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি তারই একটি অংশ। মাঠের রাজনীতিতে না পেরে এখন আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মামলার অপর দুই অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৩:৩৪:৫৪ ২৯ বার পঠিত #আদালত #পিবিআই #বরিশাল #বিএনপি #মামলা