বগুড়া ও ঝিনাইদহের কৃষকদের উৎপাদিত সবজি রাজধানীর বাজারে পৌঁছাতে কয়েক গুণ দাম বেড়ে যাওয়ার পেছনে দীর্ঘ সরবরাহ ব্যবস্থা ও মধ্যস্বত্বভোগীদের আধিপত্য দায়ী। অনুসন্ধানে দেখা গেছে, খেত থেকে ভোক্তার হাতে পৌঁছাতে সবজি অন্তত পাঁচবার হাতবদল হয়। এর মধ্যে ফড়িয়া, স্থানীয় পাইকার, আড়তদার, বড় পাইকার ও খুচরা বিক্রেতাসহ একাধিক পক্ষ প্রতিটি স্তরে কমিশন ও মুনাফা যোগ করে।
কৃষকের মাঠ থেকে রাজধানীর বাজারে পৌঁছাতে একই সবজির দাম এত বাড়ছে কেন? বাড়তি এই অর্থের কতটা যাচ্ছে উৎপাদন, পরিবহন ও বাজার ব্যবস্থাপনার খরচে, আর কতটা মুনাফা হিসেবে ভাগ হচ্ছে বিভিন্ন হাতের মধ্যে?
বগুড়ার মহাস্থান হাট ও ঝিনাইদহ থেকে সবজিবাহী ট্রাকে করে ঢাকায় এসে দেখা যায়, কৃষকের কাছ থেকে ৫ টাকায় কেনা মুলা রাজধানীতে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ফুলকপি, শিম, বরবটি ও কাঁচকলার দামও কয়েক গুণ বৃদ্ধি পায়। কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়লেও বিক্রির সময় তারা ন্যায্য মূল্য পান না। এছাড়া মহাস্থান হাটে ‘ধলতা’ বা অতিরিক্ত সবজি কেটে রাখার মতো অস্বচ্ছ লেনদেনের অভিযোগও রয়েছে। পরিবহন ব্যবসায়ীরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে, তবে খুচরা বাজারে দাম বাড়ার পেছনে প্রশাসনিক তদারকির ঘাটতি ও মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফার প্রবণতা প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৩৮:২১ ২৯ বার পঠিত #অনুসন্ধান #কৃষক #দ্রব্যমূল্য #বাজার ব্যবস্থাপনা #মধ্যস্বত্বভোগী #সবজি বাজার