পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। সোমবার (০৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়। মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিক পক্ষের প্রতিনিধিদের কাছ থেকে এখনো লিখিত প্রস্তাব পাওয়া যায়নি এবং তাদের এ জন্য ৪ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।
শ্রমিকপক্ষের প্রস্তাবিত কাঠামোতে শ্রমিক ও কর্মচারী—উভয় খাতের জন্যই পৃথক চারটি গ্রেড এবং শিক্ষানবিশদের জন্য আলাদা বেতন নির্ধারণ করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, কর্মচারীদের সর্বোচ্চ বেতন ধরা হয়েছে ৫৫ হাজার টাকা এবং শ্রমিকদের ক্ষেত্রে শিক্ষানবিশকালের সর্বনিম্ন বেতন প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।
পোশাক শ্রমিকদের জন্য গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত চারটি স্তরে মজুরি ভাগ করা হয়েছে, যেখানে গ্রেড-১ (সিনিয়র অপারেটর) এর মাসিক মজুরি ৪৮ হাজার টাকা এবং গ্রেড-৪ (হেলপার ও সহকারী) এর মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। কর্মচারীদের ক্ষেত্রে গ্রেড-১ (স্টোর কিপার, উচ্চমান সহকারী ও সিনিয়র ফায়ারম্যান) এর মাসিক মজুরি ৫৫ হাজার টাকা এবং গ্রেড-৪ (পিয়ন ও কুক) এর মজুরি ৪০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোতে স্পষ্ট করা হয়েছে যে, কোনো শ্রমিক বা কর্মচারীর খাদ্যভাতা এই মূল মজুরি কাঠামোর আওতাভুক্ত নয়। বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারণ করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১১:৩৭:৪৬ ২৭ বার পঠিত #তৈরি পোশাক শিল্প #পোশাক শ্রমিক #বেতন কাঠামো #মজুরি বোর্ড #শ্রমিক অসন্তোষ