সোমবার, ৯ নভেম্বর ২০২৬

পাঁচ ইস্যুতে উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রথম পাতা » জাতীয় » পাঁচ ইস্যুতে উত্তপ্ত হতে পারে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ শুরু হচ্ছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকট, জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধন বা সংস্কার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো পাঁচটি গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জামায়াতের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট পয়েন্ট অব অর্ডারে সরকারের জবাবদিহি চাইবে। অন্যদিকে, সরকারি দল বিরোধী শিবিরের রাজনৈতিক কৌশলের দুর্বলতা ও ব্যর্থতাগুলো সংসদে তুলে ধরার প্রস্তুতি নিয়েছে। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন ডাকা হয়েছে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনটি সংক্ষিপ্ত করা হচ্ছে।

বিরোধীদলীয় জোটের নেতারা জানিয়েছেন, তারা লোডশেডিং, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সরব থাকবেন। সিরাজগঞ্জ-৪ আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানান, তারা ছায়া সরকারের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এবং সংসদে গঠনমূলক সমালোচনা করবেন।

বিপরীতে সরকারি দল রক্ষণাত্মক না থেকে আক্রমণাত্মক ভূমিকা পালন করবে। সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিরোধী দলের সমালোচনার জবাব তথ্য ও যুক্তি দিয়ে দেওয়া হবে। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং বিরোধী দলকে অতীতেও বিশেষ কমিটিতে আসার আহ্বান জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অধিবেশন। অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া সরকারি বিল ও অধ্যাদেশ উপস্থাপিত হবে। আজ বিকাল সাড়ে ৩টায় অধিবেশন শুরুর পাশাপাশি গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে খোঁজ নিয়ে বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ৯:০৪:৩১   ২৪ বার পঠিত   #  #  #  #  #  #