ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আসনের ১১৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ এবং ৭০টি কেন্দ্রকে মধ্যম গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের তুলনায় তিন গুণ বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি ২১ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও কে-৯ ডগ ইউনিট ব্যবহার করা হচ্ছে।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবন থেকে মিনিট বাই মিনিট ভোটগ্রহণ মনিটরিং করা হবে।
এই নির্বাচনে পাঁচটি দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে। জামায়াতের প্রার্থী মো. দেলোয়ার হোসেন বিএনপির বিরুদ্ধে কর্মী-সমর্থকদের ওপর হামলা ও ভোটারদের হুমকির অভিযোগ তুলেছেন। অন্যদিকে, বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন। রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ১০:২৯:০২ ১৩ বার পঠিত #উপনির্বাচন #ঠাকুরগাঁও #নির্বাচন কমিশন #ভোটগ্রহণ #রাজনীতি