বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির আশঙ্কা বিশ্বব্যাংকের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির আশঙ্কা বিশ্বব্যাংকের
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও খাদ্যপণ্যের দাম নতুন করে ব্যাপক হারে বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। সংঘাতের কারণে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ২০২৬ সালে জ্বালানি পণ্যের দর প্রায় এক-তৃতীয়াংশ পর্যন্ত বেড়ে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের সর্বশেষ ‘পণ্য বাজার আউটলুক’ প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধের ফলে তেলের মজুদ হ্রাস পেয়েছে এবং জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। ফলে চলতি বছর তেলের দাম গত বছরের ৬৯ ডলার থেকে বেড়ে গড়ে প্রতি ব্যারেল প্রায় ৯১ ডলারে দাঁড়াতে পারে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত মার্চ মাস থেকেই অপরিশোধিত তেলের চেয়ে পরিশোধিত জ্বালানি—বিশেষ করে ডিজেল ও জেট ফুয়েলের পাইকারি দাম তুলনামূলক অনেক বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়াই এর মূল কারণ।

বিশ্বব্যাংক সতর্ক করে জানিয়েছে, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের এই দরবৃদ্ধি বিশ্বজুড়ে মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে। প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, শস্যের বৈশ্বিক চালান ব্যাহত হওয়া এবং বৈরী আবহাওয়ার জোড়া ধাক্কায় চলতি বছর খাদ্যপণ্যের দাম প্রায় ১০ শতাংশ এবং আগামী বছর আরও ৭ শতাংশ বাড়তে পারে।

এদিকে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের কাছে নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণসহ মূল্যবান ধাতুর চাহিদা বেড়েছে। ফলে এসব ধাতুর দাম প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে বিশ্বব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে।

বাংলাদেশ সময়: ৭:০৬:২৫   ২১ বার পঠিত   #  #  #  #  #  #  #