জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, শ্যামল কৃষ্ণ দাস এনবিআরের কর অঞ্চল ময়মনসিংহে কর্মরত ছিলেন এবং বর্তমানে অবসরে আছেন। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি তিনি দুদকে নিজ নামে ও নির্ভরশীলদের নামে স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী জমা দেন। দুদক কর্তৃক যাচাই-বাছাইয়ে তার মোট ৩ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকার সম্পদের হিসাব পাওয়া যায়, যার মধ্যে গ্রহণযোগ্য আয় ছিল ১ কোটি ১৯ লাখ ১ হাজার ২২৫ টাকা। অবশিষ্ট ১ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ৭৯২ টাকার আয়ের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
এই ঘটনায় ২০২৪ সালের ২৩ মে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ১৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৭:৩৬:৪৭ ১০ বার পঠিত #আদালত #কারাদণ্ড #দুদক #দুর্নীতি #শ্যামল কৃষ্ণ দাস