রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকির মুখে বন্ধ করে দেওয়া সারের দোকান পুনরায় চালু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল হকের নির্দেশে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে ডিলার সাইদুর রহমান তাঁর দোকান খোলেন। দোকান খোলার পর সংসদ সদস্য মোবাইলে ডিলারের সঙ্গে কথা বলেন।
সাইদুর রহমান হরিয়ান বাজারের সাইদুর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) অনুমোদিত ডিলার। পাশাপাশি প্রায় ছয় বছর ধরে হরিয়ান বাজার কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
চলতি বছরের ৫ এপ্রিল কৃষকদের কাছে সরবরাহের জন্য নেওয়া ৩০ বস্তা ইউরিয়া সার আটকে দেওয়ার ঘটনায় হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী ও যুবদল নেতা আব্দুস সালামের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা করেছিলেন সাইদুর রহমান। সোমবার ওই দুই নেতাকে কারাগারে পাঠানোর পর তাঁদের অনুসারীদের হুমকির মুখে তিনি দোকান বন্ধ রেখেছিলেন। পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন জানান, সংসদ সদস্যের নির্দেশে এবং দলের নেতা-কর্মীদের সঙ্গে পরামর্শ করে ডিলারকে দোকান খোলার বিষয়ে সহযোগিতা করা হয়েছে। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, ডিলারের দোকানের সামনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ২১:০১:১৭ ১৫ বার পঠিত #পবা উপজেলা #পুলিশ #বিএনপি #রাজশাহী #সার ডিলার