চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বিহারী বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করে জামিন চাওয়া তার ১২ সহযোগীর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জি এম মনিরুল হাসান সরকার পৃথক দুটি মামলার শুনানি শেষে এই আদেশ দেন।
সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, বগা অন্য একটি মামলায় আগে থেকেই কারাগারে ছিলেন। পুলিশের ওপর হামলার ঘটনায় খুলশী থানায় করা মামলায় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, পাহাড়তলী কলেজের অধ্যক্ষের করা পৃথক আরেকটি মামলায়ও বগার জামিন আবেদনের শুনানি হয়। ওই মামলায় তিনি হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত সেই আবেদনও নামঞ্জুর করেন।
গত ৬ অক্টোবর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা শেখ মুহাম্মদ আরিফ খুলশী থানায় মামলাটি করেন। হত্যা ও হুমকি, চাঁদাবাজি, বসতঘরে ঢুকে ভাঙচুর এবং ক্ষতিসাধনের অভিযোগে করা ওই মামলায় বগাসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। এর আগে ১৮ অক্টোবর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন বগা। সেদিন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করলে তাকে কারাগারে পাঠানো হয়। পুলিশের তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ঘটনায় বগার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:৪৭ ১০ বার পঠিত #আদালত #কারাগার #গ্রেফতার #চট্টগ্রাম #পুলিশ #মামলা #স্বেচ্ছাসেবক দল #হামলা