রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

লালমনিরহাটে বিএসএফ সদস্যদের ধাওয়া করলেন বাংলাদেশি কৃষকরা

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমনিরহাটে বিএসএফ সদস্যদের ধাওয়া করলেন বাংলাদেশি কৃষকরা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬



লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশি কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর পিলারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, বিএসএফের কয়েকজন সদস্য আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন এবং মাঠে কাজ করা কৃষকদের বিনা কারণে মারধরের চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া করেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। স্থানীয়দের দাবি, ধাওয়ার সময় কৃষক ও বিএসএফ সদস্যদের মধ্যে মারধরের ঘটনা ঘটে এবং বিএসএফ সদস্যরা নিজেদের ভূখণ্ডে ফিরে গিয়ে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সীমান্ত এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, তারা ঘটনার কথা শুনেছেন এবং এ-সংক্রান্ত ভিডিও দেখেছেন, তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত তারা মন্তব্য করতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১১:০২:১৮   ১২ বার পঠিত   #  #  #  #  #