শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইউরোপে কর্মসংস্থানের সুযোগ: বিনা মূল্যে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ

প্রথম পাতা » চাকরি » ইউরোপে কর্মসংস্থানের সুযোগ: বিনা মূল্যে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ‘ট্যালেন্ট পার্টনারশিপ পাইলট প্রজেক্ট’ পরিচালিত হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এই প্রকল্পের আওতায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে কারিগরি শিক্ষা, ইতালীয় ভাষা, পেশাগত সুরক্ষা ও শ্রম অধিকারের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এক হাজার কর্মীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণার্থীদের জন্য যোগ্যতা হিসেবে ১৮ থেকে ৪৫ বছর বয়স এবং এসএসসি, এইচএসসি, কারিগরি ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। আগ্রহী প্রার্থীদের সরকারি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মের (ওইপি) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ১০টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে নির্মাণ, স্বাস্থ্যসেবা, পর্যটন, পরিবহন, তৈরি পোশাক ও হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতে এই প্রশিক্ষণ কার্যক্রম চলছে। প্রশিক্ষণের মেয়াদ চার থেকে ছয় মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের দুপুরের খাবার বা সমপরিমাণ অর্থ সহায়তা প্রদান করা হলেও যাতায়াত ও ব্যক্তিগত খরচ নিজেদের বহন করতে হবে। আইএলওর তথ্যমতে, প্রশিক্ষণ শেষে যোগ্য প্রার্থীদের তথ্য ওইপি প্ল্যাটফর্মে যুক্ত করা হবে, যেখান থেকে বিদেশি নিয়োগকর্তারা কর্মী বাছাই করতে পারবেন। তবে প্রশিক্ষণ গ্রহণ করলেই চাকরি বা ভিসা নিশ্চিত নয়। ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালির নতুন অভিবাসন আইনের আওতায় এই প্রাক্‌-যাত্রা প্রশিক্ষণ প্রকল্পের ব্যয় ইতালির নিয়োগকর্তারা বহন করছেন।

বাংলাদেশ সময়: ২০:৪৮:১২   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #  #